আজ বছরের দীর্ঘতম রাত, উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ডেস্ক রিপোর্ট | ২১ ডিসেম্বর

আজ ২১ ডিসেম্বর, উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাত। আজ বৃহস্পতিবার এই বিশেষ প্রাকৃতিক ঘটনাটি সংঘটিত হচ্ছে, যা বিজ্ঞানের ভাষায় পরিচিত ‘উইন্টার সলসটিস’ বা সূর্যের দক্ষিণায়ন নামে। বছরের দীর্ঘতম দিন হিসেবে স্বীকৃত ২১ জুন, আর দীর্ঘতম রাত হয় ২১ ডিসেম্বর। প্রশ্ন হলো—কেন এই দিনে রাত সবচেয়ে দীর্ঘ হয়? বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ হলো পৃথিবীর অক্ষীয় হেলন ও সূর্যের উত্তরায়ণ-দক্ষিণায়নের গতিপথ। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, আর উত্তর গোলার্ধ সূর্য থেকে কিছুটা দূরে সরে যায়। ফলে উত্তর গোলার্ধে সূর্যের আলো অপেক্ষাকৃত কম পড়ে। এই সময় সূর্যের কিরণ দক্ষিণ গোলার্ধে বেশি সময় ধরে পড়ে, যার ফলে সেখানে দিন দীর্ঘ ও গরমকাল বিরাজ করে। বিপরীতে উত্তর গোলার্ধে সূর্যের আলো কম সময় পড়ায় দিন ছোট হয়ে যায় এবং রাত দীর্ঘ হয়। এ কারণেই আজ উত্তর গোলার্ধে দ্রুত সন্ধ্যা নামলেও রাত শেষ হতে সবচেয়ে বেশি সময় লাগবে। ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তিরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, যা সূর্যের দক্ষিণায়নের চূড়ান্ত সময় হিসেবে ধরা হয়। এই দিন থেকেই উত্তর গোলার্ধে ধীরে ধীরে দিন বড় হতে শুরু করে। একইভাবে, ২১ জুন সূর্য কর্কটক্রান্তিরেখায় লম্বভাবে কিরণ দেয়, তখন উত্তর গোলার্ধে সূর্যের আলো দীর্ঘ সময় থাকে এবং দিন সবচেয়ে বড় হয়। একে বলা হয় ‘সামার সলসটিস’ বা সূর্যের উত্তরায়ণ। এরপর থেকে দিন ছোট হতে শুরু করে। প্রাকৃতিক এই চক্রের মধ্য দিয়েই পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটে এবং দিন-রাতের তারতম্য দেখা যায়।

Comments