সময়ের ডেস্ক, ফটিকছড়ি:
চট্টগ্রামের আয়তন ও জনসংখ্যার দিক থেকে অন্যতম বৃহৎ উপজেলা ফটিকছড়িকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা ঘোষণা করেছে সরকার। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর এ ঘোষণায় উত্তরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, নতুন উপজেলা প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রশাসনিক সেবা জনগণের আরও কাছাকাছি পৌঁছাবে এবং দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য অনেকটাই দূর হবে।
সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন এ উপজেলা গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, দোয়া ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।
বর্তমানে প্রায় সাত লাখ মানুষের বসবাস ফটিকছড়ি উপজেলায়। বিশাল ভৌগোলিক বিস্তৃতি, পাহাড়ি ও দুর্গম জনপদ এবং দুটি থানা, দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় দীর্ঘদিন ধরে প্রশাসনিক সেবা নিশ্চিত করতে নানা ধরনের সীমাবদ্ধতা ছিল। বিশেষ করে উত্তরাঞ্চলের বাসিন্দাদের বিভিন্ন সরকারি সেবা গ্রহণের জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হতো।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন উপজেলা কার্যক্রম শুরু হলে ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমাজসেবা, স্থানীয় সরকারসহ বিভিন্ন সরকারি সেবা আরও দ্রুত ও সহজলভ্য হবে। একই সঙ্গে নতুন নতুন উন্নয়ন প্রকল্প, অবকাঠামো নির্মাণ, সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার প্রসারে সরকারি বিনিয়োগ বৃদ্ধি পাবে।
তবে নতুন উপজেলার সীমানা নির্ধারণ এবং সদর দপ্তরের অবস্থান নিয়ে স্থানীয় পর্যায়ে কিছু মতভেদ রয়েছে। বিশেষ করে বৃহত্তর সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার কিছু এলাকা অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে সদর দপ্তর ভূজপুর নাকি নারায়ণহাট এলাকায় হবে—এ বিষয়েও সংশ্লিষ্টদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
ফটিকছড়ির উত্তরাঞ্চলের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে তারা নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছেন। নতুন উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে এবং উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তারা আশা করছেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু করতে প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া এগিয়ে চলছে। পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী পদায়ন এবং প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা শুধু প্রশাসনিক পুনর্বিন্যাস নয়, বরং উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে সরকারি সেবার বিকেন্দ্রীকরণ যেমন নিশ্চিত হবে, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নেও নতুন গতি সঞ্চার হবে।
Comments
Post a Comment